দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭

আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ০৩:৫১:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ০৪:০২:২৩ অপরাহ্ন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের নগরপাড় এলাকায় ফুটবল খেলা ও আতশবাজি ফাটানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় স্থানীয় এক ইউপি সদস্যসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

এ ঘটনায় হামলা, ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে দাউদকান্দি মডেল থানায় লিখিত এজহার দায়ের করা হয়েছে। এজহার সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে নগরপাড় এলাকায় স্থানীয় যুবকদের অংশগ্রহণে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল।

খেলার একপর্যায়ে কয়েকজন যুবক মাঠের পাশে আতশবাজি ফাটালে তার আগুন খেলোয়াড় নোমান মিয়ার গায়ে পড়ে। এতে তাঁর পরনের শার্ট পুড়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে খেলোয়াড়, রেফারি ও আতশবাজি ফাটানো যুবকদের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়।

অভিযোগে বলা হয়েছে, ওই ঘটনার জের ধরে গত শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ৯টার দিকে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে নগরপাড় এলাকায় ইউপি সদস্য হাবিবুর রহমানের দোকানের সামনে হামলা চালায়। হামলাকারীরা দোকানে প্রবেশ করে ভাঙচুর ও মারধর করলে ইয়াছিন, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম বাবু, রকিব, তারেক, রাফিন ও নোমান মিয়াসহ সাতজন আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এজহারে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা দোকানের ক্যাশবাক্স থেকে ২৫ হাজার টাকা নিয়ে যায়। পাশাপাশি দোকান ও পাশের একটি কক্ষে ভাঙচুর চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষয়ক্ষতি করে।

হামলার সময় উপস্থিত লোকজনকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী হাবিবুর রহমান এ ঘটনায় ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি।

সরেজমিনে গিয়ে অভিযুক্তদের না পাওয়ায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. আ: বারী বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় মোশারফ খাঁ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : prodhankhabor@gmail.com

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com